Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রাম কারাগারে কয়েদিদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

admin • 09 Aug 2024, 05:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম কারাগারে কয়েদিদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেটে ও ফাঁকা গুলি ছোঁড়েন কারারক্ষীরা। এতে কয়েকজন কয়েদি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার দুপুর পৌনে ২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।

 

কারাগারের একটি সূত্র জানিয়েছে, বাইরে থেকে একদল দুর্বৃত্ত কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা চালায়। এরপরপরই ভেতরে থাকা কয়েদিরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন কারাগার থেকে অনেক আসামি ছাড়া পেলেও তাদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না- এ দাবিতে তারা বিক্ষোভ করেন।

 

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর কারাগারের ভেতর থেকে হঠাৎ গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় হই হুল্লোড়ও শোনা যায়। ফলে লালদীঘি এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

কারাগারের গেটের দায়িত্বে থাকা কয়েকজন জানান, দুপুর পৌনে ২টার দিকে কারাগারের একাধিক ভবনে থাকা কয়েদিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে কারারক্ষীরা গুলি ছোঁড়েন। এতে দুইপক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

চট্টগ্রাম জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, জুমার নামাজের পর কিছু কয়েদি বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কতজন আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। কারাগারের ভেতরে সেনাবাহিনী রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কারাগারে সেনাবাহিনী রাখার অনুরোধ জানিয়েছি।

 

এর আগে, গত ৫ আগস্ট বিকেলে এ কারাগারে হামলার চেষ্টা করা হয়। পুলিশ ও কারারক্ষীরা সেই হামলা প্রতিরোধ করেন। বর্তমানে কারাগারে প্রায় চার হাজারের বেশি বন্দি রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।