ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও ৬২ হাজার ১০৮ জন আহত হয়েছেন।
সৌদির আন্তর্জাতিক আরবি ভাষার সংবাদমাধ্যম আল আরাবিয়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন, ২৭৮ জন। এদিকে খান ইউনিস শহরের আল-নাসের হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, বাস্তুচ্যুতদের পাশাপাশি রোগীদেরকেও বাড়িতে থাকতে বাধ্য করছে ইসরায়েল বাহিনী। স্থানীয়র জানিয়েছেন, শহরের পশ্চিম দিকে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে এবং তারা দক্ষিণে ভয়ংকর বন্দুক যুদ্ধের শব্দ শুনতে পারছেন।
অন্যদিকে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে আল-নাসের হাসপাতাল থেকে অভিযান পরিচালনা করার অভিযোগ করেছে ইসরায়েলি কর্মকর্তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হাসপাতালের কর্মচারীরা।
জাতিসংঘের তথ্যমতে, গাজার ২ দশমিক ৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ আশ্রয়ের জন্য দক্ষিণ গাজায় চলে গিয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ। ধারণা করা হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে তারা আটকে পড়েছেন।





