Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গরু হারিয়ে নিঃস্ব মা, ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ

admin • 01 Sep 2025, 11:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গরু হারিয়ে নিঃস্ব মা, ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জে অভাব-অনটনের সংসারে এক মায়ের জীবিকার একমাত্র অবলম্বন ছিল বাপের বাড়ি থেকে পাওয়া একটি গাভিন গরু। কিন্তু সেই গাভী চুরির অভিযোগে নিজের দুই ছেলের বিরুদ্ধেই থানায় মামলা করেছেন তিনি।

 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম। এর আগে দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা আনোয়ারা বেগম (৬০)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের খড়মা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম কয়েক বছর আগে বাপের বাড়ির স্বজনদের দেওয়া একটি গাভিন গরু লালন-পালন করছিলেন। প্রতিদিন গাভীটি ৫ থেকে ৬ কেজি দুধ দিতো, যা দিয়ে তিনি সংসারের খরচ চালাতেন।

 

কিন্তু গত রবিবার রাতে তার গোয়ালঘর থেকে গাভীটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে সন্দেহভাজন হিসেবে তিনি নিজের বড় দুই ছেলেকে দায়ী করে থানায় মামলা করেন। অভিযোগকারী আনোয়ারা বেগম বলেন, দারিদ্র্যের সংসারে একটু স্বস্তি ফেরাতে স্বজনেরা আমাকে একটি গাভী দিয়েছিল।

 

আমি সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছি। অথচ রবিবার গভীর রাতে আমার বড় দুই ছেলে পরিকল্পিতভাবে গরুটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির হদিস মেলেনি। শেষ পর্যন্ত গরুটি ফিরে পাবো এই প্রত্যাশায় থানায় মামলা করতে বাধ্য হয়েছি।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।