ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল চলাকালে টিভি বন্ধ করায় সন্তানকে ফোনের চার্জার দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন এক বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত রোববার ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কানপুরের বাড়িতে বসে দেখছিলেন গণেশ প্রসাদ ও তাঁর ছেলে দীপক। এসময় দীপক তাঁর বাবাকে রাতের খাবার খাওয়ার জন্য অনুরোধ করেন।
কিন্তু তাঁর বাবা এতে কর্ণপাত না করায় টিভি বন্ধ করে দেন দীপক। পরে এ নিয়ে বাবা ও সন্তানের মধ্য তর্ক শুরু হয়। এক পর্যায়ে এটি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এসময় মাতাল গণেশ তাঁর সন্তানের গলায় মোবাইল ফোনের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এ নিয়ে সোমবার কানপুর পুলিশ জানায়, সন্তানকে হত্যার পর পালিয়েছেন গণেশ। হত্যাকাণ্ডের পর দীপকের মরদেহ সিঁড়িতে পড়ে থাকতে দেখেন তাঁর এক আত্মীয়।
এর আগেও বাবা ও সন্তান মাতাল হয়ে একে অপরের সঙ্গে মারামারি করতেন বলে জানিয়েছে পুলিশ। এ কারণে গণেশের স্ত্রী কয়েক সপ্তাহ আগে বাড়ি থেকে চলে যান।





