রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে রেল লাইনে ট্রেনের ধাক্কায় আবির হোসেন (২৭) নামের এক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী নিহত। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবির হোসেনকে উদ্ধার করে বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী আবু সাঈদ বলেন, ‘আমরা কয়েকজন মিলে খিদমা হাসপাতালে সামনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলাম।
সে সময়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসতে দেখি। সে সময় রেললাইনে আবির মোবাইলে কথা বলছিলেন ও রাস্তা পার হচ্ছিলেন। সে সময় ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’ মৃতের খালাতো ভাই জাকির হোসেন বলেন, ‘আবির পেশায় অ্যাম্বুলেন্স ব্যবসায়ী ছিলেন। বিকেল খবর পাই ট্রেনের ধাক্কায় মারা গেছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
’ মৃত আবির মাদারীপুর সদর উপজেলার কুমড়া খালি গ্রামের চাঁন মিয়া ব্যাপারীর ছেলে। তিনি খিলগাঁও শাহী মসজিদের পাশে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।





