Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ক্রিকেটার শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল

admin • 22 Feb 2026, 10:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ক্রিকেটার শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ (রোববার) সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দেয়া বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। বিকল্প হিসেবে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্টটিতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন মেহেদী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। ২০২১ সালে ওয়ানডে দলেও পথচলা শুরু হয় তার। ৭০ টি-টোয়েন্টির ৬৮ ইনিংসে বল হাতে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪২৭ রান; স্ট্রাইকরেট ১০১.১৮।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি মেহেদী। এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪.৯৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৪ উইকেট। পাশাপাশি ১০ ইনিংসে তার ব্যাটে এসেছে ১২২ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।