কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অভিযোগ উঠেছে, অনেকের বিদ্যুৎ বিলের কাগজে ব্যবহার করা ইউনিটের তুলনায় অতিরিক্ত টাকা যুক্ত করে বিল দেওয়া হচ্ছে।
গ্রাহকদের ভাষ্য, আগের মাসের তুলনায় বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও হঠাৎ করে বিলের অঙ্ক বেড়ে গেছে। বিলের কাগজে কখনো সার্ভিস চার্জ, কখনো বকেয়া সমন্বয়ের নামে অতিরিক্ত টাকা যোগ করা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।
জগতি থেকে আসা আবদুস সাত্তার বলেন, আমার বিদ্যুৎ বিলের টাকা প্রতি মাসে জমা দিয়ে থাকি। এমাসে বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দিতে গেলে বলা হয় অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে।
জগতি এলাকার খলিলুর রহমান বলেন, সব বিল পরিশোধ করা হলেও ৬৫৮ টাকা আসলেও ৯৬৩০ টাকা বেশি দেখাচ্ছে। তখই সংশোধন এর জন্য কয়েক দিন ঘুরতে হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসে।
আরেকজন বলেন, চলতি মাসের বিল দিয়েছি। তবুও অতিরিক্ত টাকার বিল সংযুক্ত হয়েছে। এ নিয়ে বিল সংশোধনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে গেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় দিনের পর দিন ঘুরেও সঠিক সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা। এতে সময়, অর্থ এবং মানসিক চাপ সবই বাড়ছে বলে অভিযোগ গ্রাহকদের।
সচেতন মহলের দাবি, বিল প্রস্তুত ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিটি বিলের সঙ্গে ইউনিট হিসাব ও অতিরিক্ত চার্জের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া না হলে এ ভোগান্তি আরও বাড়বে। পাশাপাশি দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর সেবা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
গ্রাহকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগের সুষ্ঠু সমাধান দেবে।





