কুষ্টিয়ায় দুই দফা দাবি আদায়ে শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে সৃষ্টি হয়েছে অচলাবস্থা, আর ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (১৮ এপ্রিল) মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পরে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুষ্টিয়া-মেহেরপুর, প্রাগপুরসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে খুলনা, যশোর, বরিশাল, রাজশাহী ও পাবনাগামী দূরপাল্লার বাসও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে জরুরি কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে, অনেকেই বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করছেন।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, দুই দফা দাবি নিয়ে মালিক গ্রুপের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। আজ সকাল ১১টায় আবারও বৈঠকের কথা রয়েছে। আমাদের দাবি মেনে নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী শুক্রবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর আগে, ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শ্রমিকরা।





