গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাইদুর রহমান।
সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন,” বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এ স্তম্ভের শক্তি নির্ভর করে সাংবাদিকদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের ওপর। সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর হিসেবে সত্য তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করেন, তখন তারা শুধু সংবাদ পরিবেশন করেন না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথও সুগম করেন।’
এমএসএফ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম এবং এমএসএফের প্রকল্প সমন্বয়কারী নাজনীন শবনম।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী শেখ জায়েদুল হক মতিনের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মুকুল খসরু, আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, দৈনিক দেশতথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক ওপেলিয়া কনি, আন্দোলনের বাজার ডিজিটালের চিফ রিপোর্টার তরিকুল ইসলাম, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনিস মণ্ডল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার আহসান হাবীব, মানবজমিনের জেলা প্রতিনিধি এ জে সুজন এবং দৈনিক মাতৃভাষার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সংলাপে বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।





