কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের দোল উৎসব (স্মরণোৎসব) পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তিন দিনের পরিবর্তে এক দিনে শেষ হয়েছে।
সোমবার বেলা ২টায় লালন একাডেমি মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু এবং ইফতারের আগেই তা শেষ করা হয়। আজ দুপুরে পূর্ণসেবা গ্রহণের মধ্য দিয়ে এবারের সংক্ষিপ্ত লালন দোল উৎসব শেষ হবে বলে জানা গেছে।
প্রতি বছর দোলপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও এবার তা এক দিনে নামিয়ে আনা হয়। জেলা প্রশাসন ও লালন একাডেমি জানিয়েছে, রমজানের কারণে মেলা ও রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়।
উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত হলেও ভক্তদের হৃদয়ের টান কমেনি। একতারা ও ডুগডুগির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিরপুর থেকে আসা মামুন সাধু বলেন, সাঁইজির প্রেমের মায়ায় এবারও এসেছি।
জানতে চাইলে আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান জানান, বাহ্যিক চাকচিক্য না থাকলেও আধ্যাত্মিক রীতিনীতি পালিত হচ্ছে যথাযথভাবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, পুরো মাজার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মোতায়েন রয়েছে গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং বিশেষ মেডিকেল টিম।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, রমজানের কারণে আমরা কেবল মেলা ও গান-বাজনার অনুষ্ঠান পরিহার করেছি।





