Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

admin • 12 Jun 2024, 10:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়

কুয়েতের একটি ছয় তলা ভবনে আগুন লেগে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক। তাদের বেশিরভাগ ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া এই ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্মকর্তারা বলছেন, বুধবার ভোরে কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকার ওই বহুতল ভবনের নিচ তলার একটি রান্নাঘরে আগুন লাগে। আগুনে মোট ৪৯ জন নিহত হন। ভোরে আগুন লাগায় সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা মারা যান।

আরব টাইমসের খবর অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ভারতের কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বলেন, আজ যা হলো তা শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি ও ভবন মালিকের লোভের ফল। কুয়েত মিউনিসিপ্যালিটি এবং জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটিকে একই ধরনের লঙ্ঘন দমনে অবিলম্বে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনাকবলিত ওই ভবনের মালিক এনবিটিসি গ্রুপ। এটির মালিক ভারতীয় ব্যবসায়ী কেজি আব্রাহাম। আরব উপসাগরীয় অঞ্চলে স্বল্প বেতনের শ্রমিকরা সাধারণত এই ধরনের কম টাকার ভাড়া বাসায় গাদাগাদি করে থাকেন।

এদিকে এই ঘটনা নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া এই বৈঠকের পর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের কুয়েত যাওয়ার কথা রয়েছে।

-হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।