কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব বাবা দিবস উদযাপন উপলক্ষে বয়স্ক বাবাদের সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে কুমারখালী প্রতিবন্ধী সংগঠন।
শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার খয়েরচারা গ্রামের হাজী মন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বয়স্ক বাবাদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী বাবাদের হাতে পুরস্কার তুলে দেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু।
কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম বইয়ের লেখক ও কবি আব্দুর রাজ্জাক, হারুন অর রশিদ ডাবলু প্রামাণিক, মোহাম্মদ মাসুম শেখ, মোহাম্মদ মান্নান আলী শেখ, মোহাম্মদ নুরুল ইসলাম কানু প্রামাণিক এবং হাজী মন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম রবিউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজে বয়স্ক বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





