কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ‘নিউক্লিয়াস স্কুল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর পশুহাট সংলগ্ন স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
নিউক্লিয়াস স্কুলের পরিচালক ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক কাশেম হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, কুমারখালীর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, নিউক্লিয়াস স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন জীবন,নিউক্লিয়াস স্কুলের নির্বাহী পরিচালক আবু হুরায়রা ,কুমারখালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক আবু তালহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, বরং আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা জরুরি। নিউক্লিয়াস স্কুল সেই লক্ষ্য পূরণে কুমারখালীর শিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পূর্ণ অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নিউক্লিয়াস স্কুল কাজ করে যাবে।





