Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কালো কাপড়ে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

admin • 17 Apr 2026, 10:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কালো কাপড়ে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সদর রোডে এ ঘটনা ঘটে। তবে আকস্মিক এ মিছিল ঘিরে স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম ব‌লেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের অদূরে ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এই বিষয়ে পুলিশ বেশ তৎপর।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।