প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি ভারত শাসিত কাশ্মিরের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবদুল রশিদ। জেলে থাকলেও নির্বাচনে দাঁড়ান তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওই প্রার্থীর নাম শেখ আবদুল রশিদ। তিনি গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার রশিদ নামেই পরিচিত। ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি।
শেখ আবদুল রশিদ বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।
কিছুক্ষণ আগে এক এক্সবার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি এই অনিবার্যতাকে মেনে নেয়ার সময় এসেছে। উত্তর কাশ্মিরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।
ইঞ্জিনিয়ার রশিদকে প্রায়ই একজন বিপ্লবী নেতা হিসেবে দেখা হয়। তিনি নিজের বিতর্কিত রাজনৈতিক মতবাদের জন্য পরিচিত। তিনি এখন দিল্লির তিহার জেলে বন্দি। তাই তার পক্ষে তার ছেলেই নিবাচনী প্রচারণা চালিয়েছেন।





