ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা হয়। এসময় ট্রেনটি থেমে গেলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেন সচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
এ বিষয়ে ওসি মো. আকতার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁওয়ের হাতীখোলা এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের উদ্ধার কর্মীরা বিকল্প ইঞ্জিন সচল করলে সকাল সাড়ে ১০টার দিকে গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।





