Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু সোমবার

admin • 12 May 2024, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু সোমবার

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ (১২ মে)। এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। প্রকাশিত ফলে যদি কাঙ্ক্ষিত ফল না আসে তাহলে সেটি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে পরীক্ষার্থীদের। সোমবার (১৩ মে) থেকে শুরু হবে এই কার্যক্রম। যা চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

এদিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আগামীকাল সোমবার থেকে শুরু হবে পুনর্নিরীক্ষণ আবেদন, যা চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

তিনি বলেন, প্রকাশিত ফলে কেউ যদি সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট থাকেন তাহলে তিনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যাবে। আবেদনের পর বোর্ড তার খাতা যাচাই-বাছাই করে দেখে আবেদনটি নিষ্পত্তি করা হবে।

আবেদন যেভাবে: প্রার্থীরা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন নম্বর থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে 16222 নম্বরে Send করতে হবে।

এরপর ফিরতি এসএমএস-এ আবেদনের জন্য কত টাকা কেটে নেয়া হবে সেটি জানিয়ে একটি পিন দেয়া হবে। এতে প্রার্থী সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোনো অপারেটর) লিখে 16222 নম্বরে Send করতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একজন প্রার্থী একই এসএমএস’র মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC <Space> Dha <Space> Roll Number <Space) 101, 102, 107, 108। প্রতিটি পদের জন্য ১২৫ টাকা করে কেটে নেয়া হবে অ্যাকাউন্ট থেকে।

পুনর্নিরীক্ষণে খাতার চার বিষয় দেখা যায়: শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে জানিয়েছেন, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে প্রার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এসব হলো―উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর সঠিকভাবে দেয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই চারটি বিষয় পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেয়া হয়। এই চার ক্ষেত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করে ফের ফল প্রকাশ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।