খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার জেরে দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্কের মধ্যেই এবার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারতীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার কানাডা থেকে করা ভিসার আবেদন প্রাথমিকভাবে যাচাইয়ের দায়িত্বে থাকা ভারতের দিল্লির বিএলএস ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।
বিএলএস ইন্টারন্যাশনালের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া হবে না। অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিএলএস ইন্টারন্যাশনাল।
হরদীপ সিং হত্যাকাণ্ডে পাল্টে গেছে ভারত-কানাডার দ্বিপক্ষীয় সমীকরণ। ঘটেছে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা। স্থগিত হয়েছে দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও। গত জুনে কানাডায় গুলি করে নিজ্জারকে হত্যা করা হয়।
কানাডার অভিযোগ, এই হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি দিল্লিও। দেশটিতে নিযুক্ত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।





