জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে গাব্রিয়েল বাড়ৈকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাব্রিয়েল বাড়ৈ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুয়াগ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ওই দিন গাব্রিয়েল বাড়ৈ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছি। এ পর্যন্ত এই মামলায় ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত গত ১৬ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও ককটেল নিক্ষেপ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যাকাণ্ডের ঘটনায় এক ডজনের বেশি মামলা করা হয়। মামলাগুলো গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় দায়ের হয়।





