Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ

admin • 06 Apr 2026, 11:33 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ

ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা অনুযায়ী আজ সোমবার (৬ এপ্রিল) এ আলটিমেটাম শেষ হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট জানিয়েছে, আলটিমেটাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, যদি ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত করা হয়, তবে দেশটির লাখ লাখ মানুষ চরম বিদ্যুৎ সংকটের (ব্ল্যাকআউট) মুখে পড়তে পারে। এতে ইরানে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফার্স্ট পোস্ট জানিয়েছে, ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধারের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি সম্ভাব্য ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার বিষয়ে নতুন কোনো বার্তা দিতে পারেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার মেয়াদ ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এ সময় তিনি বলেছিলেন, তেহরানের সঙ্গে যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে।

অন্যদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটি দিয়েছে, তা ‘একপেশে ও অন্যায্য’।

২৬ মার্চ হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ইরান চুক্তিতে রাজি না হলে তাদের ওপর চাপ আরও বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। অবশ্য ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানি জ্বালানি কেন্দ্রে হামলা স্থগিতের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলার মধ্যে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শহর ও ঘাঁটিগুলোতে পাল্টা হামলায় করে।

এক মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ এরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; এর সঙ্গে জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিতে জোর আঘাত হেনেছে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির শঙ্কাও উসকে দিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।