Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন

admin • 04 Jul 2026, 12:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) স্থাপত্য বিভাগের তিন দশকের পথচলা উদযাপন ও ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রজন্মের মেলবন্ধন’ অনুষ্ঠান শেষ হয়েছে। স্থাপত্য বিভাগ এবং অ্যালামনাই অব অস্ট আর্কিটেক্টস (এএএ)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও দেশ-বিদেশের খ্যাতিমান স্থপতিরা।

 

উৎসবের প্রথম দিন ২ জুলাই (বৃহস্পতিবার)  দিনব্যাপী স্টুডেন্ট ডিজাইন শ্যারেট ‘থ্রেডস অব টাইম’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে সৃজনশীল নকশা উপস্থাপন করেন।

 

পরে অধ্যাপক ড. এম. এইচ. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক ও স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. এ. বেলায়েত হোসেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শারমীন রেজা চৌধুরী।

 

অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও ডিন অধ্যাপক ড. এম. এ. মুক্তাদিরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। একই সঙ্গে বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক প্রকল্প নিয়ে প্রকাশিত ৩০তম বার্ষিকী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা নিলুফার। পরে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের নকশাকর্ম নিয়ে ‘দ্য লাইন্স অব টুমরো’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যা ৫ জুলাই পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

উৎসবের দ্বিতীয় দিন ৩ জুলাই স্থাপত্য শিক্ষা ও পেশার ভবিষ্যৎ নিয়ে দুটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘ভবিষ্যতের পাঠশালা: স্থাপত্যের রূপরেখা’ শীর্ষক প্রথম সেশনে সভাপতিত্ব করেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ। আলোচনায় অংশ নেন স্থপতি খান মো. মুস্তাফা খালিদ, ড. শরীফ শামস ইমন, ড. সাইফুল ইসলাম, স্থপতি আশিক ভাস্কর মান্নান এবং শ্রীলঙ্কার আন্তর্জাতিক স্থপতি দামিথ সি. প্রেমাথিলাকে। বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও টেকসই স্থাপত্য শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

 

দ্বিতীয় সেশনে ‘স্থাপত্যের পথচলা: শেখা থেকে’ শীর্ষক আলোচনায় স্থপতি জিশান ফুয়াদ চৌধুরী, স্থপতি রুকুন উদ্দিন ভূঁইয়া এবং স্থপতি মো. শফিউল আজম শামীম পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় স্থানীয় বাস্তবতায় স্থাপত্য পেশার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেশনটি সঞ্চালনা করেন ড. সাইফুল ইসলাম।

 

সেমিনার শেষে স্টুডেন্ট ডিজাইন শ্যারেটের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি আর্বান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট (ইউডিডি)-এর সহযোগিতায় পরিচালিত ‘আরবান ডিজাইন স্টুডিও প্রজেক্ট’—‘বরিশাল বিভাগের পিরোজপুর জেলার দামোদর খালের পুনরুজ্জীবন’ প্রকল্পে অবদান রাখা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কৃতিত্বের সনদ দেওয়া হয়।

 

দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রিলিভিং গোল্ডেন মোমেন্টস’ এবং সমাপনী নৈশভোজের মধ্য দিয়ে।

 

আয়োজকরা জানান, ৩০ বছর পূর্তির এ আয়োজন শুধু উৎসব নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্কের সেতুবন্ধন তৈরি করেছে।  অন্যদিকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্য নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।