Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ বিশ্বকাপ

আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

admin • 20 Jul 2026, 10:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালের হারের যন্ত্রণা ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে শিরোপা হারানোর পরপরই সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন স্কালোনি। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে, ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর দায়িত্ব চালিয়ে যাবেন কি না, তা নিয়ে গুরুতর সংশয় রয়েছে।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়েছেন স্কালোনি। তার অধীনেই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্কালোনির চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে হারের পর প্রথমবারের মতো বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন না তিনি।

সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। কী করতে চাই, সে বিষয়ে একটি ধারণা আমার আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করব, এরপর দেখা যাবে। সত্যি বলতে, আমার ভাবার প্রয়োজন আছে। কারণ, জানি না এর চেয়ে বড় কিছু আর অর্জন করতে পারব কি না।’

 

কথা বলতে বলতেই আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো এই কোচ। অশ্রুসিক্ত স্কালোনি বলেন, ‘এই জায়গায় থাকা আমার এবং সবার জন্যই স্বপ্ন সত্যি হওয়ার মতো। কোচিং স্টাফ ও খেলোয়াড় হিসেবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু দিয়েছি। তাই ভাবার জন্য কিছুটা সময় নেওয়া আমার প্রাপ্য।’

 

শুধু নিজের ভবিষ্যৎ নয়, আর্জেন্টিনার বর্তমান দলটিকে নতুন করে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্কালোনি। তার মতে, মেসিদের নিয়ে তৈরি এই বিশেষ প্রজন্মের মতো আরেকটি দল গড়ে তোলা সহজ হবে না।

 

স্কালোনি বলেন, ‘দায়িত্ব চালিয়ে যেতে হলে অনেক কিছু প্রয়োজন। সবকিছু নতুন করে শুরু করতে হবে, দলটিকেও পুনর্গঠন করতে হবে। এমন একটি দল আবার তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। বিষয়টি আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে।’

 

এই কথার পর আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলাতে না পেরে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলনের কক্ষ ছেড়ে চলে যান আর্জেন্টিনা কোচ। টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে না পারার হতাশার রাতেই স্কালোনির আবেগঘন কথায় এখন আর্জেন্টিনা ফুটবলে নতুন প্রশ্ন, ডিসেম্বরের পরও কি দায়িত্বে থাকবেন তিনি?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।