Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবেদ আলীর বিরুদ্ধে হোটেল সান মেরিনা কর্তৃপক্ষের জিডি

admin • 10 Jul 2024, 04:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবেদ আলীর বিরুদ্ধে হোটেল সান মেরিনা কর্তৃপক্ষের জিডি

৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আটক পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লিবার্টি গ্রুপের হোটেল সান মেরিনা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন এ জিডি করেন।

 

মোশাররফ হোসেন জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত লিবার্টি গ্রুপ বিদ্যুৎ সেক্টরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তবে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পাঞ্জুপাড়ায় আমাদের প্রতিষ্ঠানের ৪০ শতাংশ জমি রয়েছে। ঐ জমিতে হোটেল সান মেরিনা কুয়াকাটা নামে শেয়ার বিক্রির মাধ্যমে একটি তিন তারকা মানের হোটেল নির্মাণের জন্য জমির সামনে সাইনবোর্ড সাঁটানো হয়। ঐ সাইনবোর্ডের সামনে সৈয়দ আবেদ আলী নামে এক ব্যক্তি গত দুই থেকে তিন মাস আগে এসে শেয়ার কেনার জন্য খোঁজ খবর ও লিফলেট নিয়ে শেয়ার বিক্রির কমিশনের কথা জিজ্ঞেস করলে আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান শতকরা ৬ ভাগ হিসেবে কমিশনের ব্যবস্থা আছে।

 

জিডিতে আরো উল্লেখ করা হয়, বিষয়টি কনফার্ম করলে আবেদ আলীর ব্যক্তিগত ফেসবুকে মালিকানা দাবি করে আমাদের হোটেলের শেয়ার কেনার জন্য পোস্ট করেন। বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, যা আমার কোম্পানির জন্য বড় ধরনের ক্ষতি এবং হুমকির কারণ হওয়ার আশঙ্কা আছে।

 

লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন আরো জানান, ২০১০ সালে স্থানীয়দের কাছ থেকে মোট ৪০ শতাংশ জমি কেনেন তিনি। এরপর এখানে একটি তিন তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা করেন। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত তিনি এই জমিটি কারো কাছে হস্তান্তর কিংবা শেয়ার বিক্রি করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।