Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ থেকে নতুন দামে মিলবে সয়াবিন তেল

admin • 03 Mar 2024, 06:50 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আজ থেকে নতুন দামে মিলবে সয়াবিন তেল

ঘোষিত সময়ের তিন দিন পর রোববার (৩ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর করলো সরকার। তবে ১ মার্চ থেকে কেন কার্যকর করা যায়নি, সেই প্রশ্নের সঠিক জবাব নেই বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছে। পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে পেঁয়াজের চালান।

কোনো পণ্যের শুল্ক বা বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি সেটার প্রভাব পড়ে দেশের বাজারে। কিন্তু কমার সময় চলে টালবাহানা। ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর ঘোষণা দেয়া হলেও সেটি এখনও কার্যকর হয়নি। এতে আশাহত সাধারণ ক্রেতারা।

এক বিক্রেতা বলেন, সরকার ঘোষণা দিয়েছে ১ তারিখ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর হবে। কিন্তু কোম্পানি বলছে, ৩ থেকে ৪ দিন লাগবে তেল আসতে। এক ক্রেতা বলেন, একদিন ১০ টাকা কমলে পরের দিনই দ্বিগুণ বেড়ে যায়। এই তো অবস্থা। বাজারে স্থিতিশীলতা নেই। আরেক ক্রেতা বলেন, কখনো ৫০ টাকা বেশি দিয়ে ভোজ্যতেল কিনতে হয়। কিন্তু আমাদের আয় তো বাড়েনি। অথচ জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে।

তেল নিয়ে তেলেসমাতির ভেতরে পেঁয়াজ, চিনি, ডালসহ অন্যান্য পণ্যের দামও বাড়তি। মাসের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ডালের দর। সেঞ্চুরি হাঁকিয়েছে রমজানের আরেক প্রয়োজনীয় পণ্য ছোলা। এক বিক্রেতা বলেন, মার্কেটে পেঁয়াজ নেই। আসলে আছে, কিন্তু ওরা ইচ্ছা করে দামটা বাড়িয়ে দিচ্ছে। কখনো পাইকারি ১১০ টাকা, আবার কখনো ১২০।

অপর বিক্রেতা বলেন, যারা সিন্ডিকেট করে, তারা শুধু মালের দর ওঠা-নামা করে। ফলে দিন দিন মূল্য বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক পণ্যে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে। এক ক্রেতা বলেন, কিছু কিনতে পারছি না। সামনে রমজান। আমার ইচ্ছা অনেক কিছু কিনবো। কিন্তু যে টাকা নিয়ে আসি, তাতে তো হচ্ছে না।

এমন পরিস্থিতি বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা, ৩ মার্চ থেকেই নতুন দামে মিলবে সয়াবিন তেল। আশা, ভারতের পেঁয়াজ এলে কমে আসবে পণ্যটির দরও। আহসানুল ইসলাম টিটু বলেন, এদিন থেকেই ভোক্তারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকায় পাবেন। শিগগিরই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। রোজার আগে পণ্যটির দাম কমে আসবে। আমাদের চাওয়া, রমজানে যেন কোনো নিত্যপণ্যই ভোক্তাকে বেশি দরে কিনতে না হয়। অভিযান নয়, পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের কথাও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।