চৈত্র মাসের শেষ দিন আজ। বাংলা মাসের এই দিনটিকে চৈত্র সংক্রান্তি বা সংক্রান্তির দিন বলা হয়। এছাড়া আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পালিত হবে পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর ১৪৩১।
চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে প্রতিবছরই তাই চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা আয়োজন। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। এজন্য চৈত্র সংক্রান্তি বাঙালির আরেকটি বড় অসাম্প্রদায়িক উৎসব।
দিনটিকে ঘিরে প্রতিবছর দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। এছাড়াও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার-অনুষ্ঠান পালন করেন। হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।





