Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

admin • 16 May 2026, 03:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএসআইএস) বৈশ্বিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকির নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, ‘আজ রাতে আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট আইএসআইএসের বৈশ্বিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকির নাম উল্লেখ করে বলেন, ‘তিনি আর আফ্রিকার জনগণকে সন্ত্রস্ত করতে পারবেন না। কিংবা আমেরিকানদের লক্ষ্য করে কোনো অভিযানের পরিকল্পনা করতে সাহায্য করবেন না।’

তবে যৌথ অভিযানটি ঠিক কোথায় হয়েছে, তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প। তিনি আরও বলেন, আল-মিনুকি ‘ভেবেছিল সে আফ্রিকারয় লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সে জানত না যে, আমাদের এমন সোর্স ছিল, যারা তার কার্যকলাপ সম্পর্কে আমাদের প্রতিনিয়ত আপডেট দিত’।

সফল অভিযানে সহযোগিতার জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ‘তার অপসারণের ফলে আইএসআইএসের বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

অভিযানের বিষয়ে জানতে নাইজেরিয়ার সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম সিএনএন। তবে তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কে এই আল-মিনুকি

মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয়ের নথি অনুসারে, ১৯৮২ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোরনোতে জন্মগ্রহণ করেন আল-মিনুকি। পশ্চিম আফ্রিকার কিছু অংশে শক্তিশালী উপস্থিতি বজায় রাখা আইএসের সঙ্গে সম্পর্কের কারণে ২০২৩ সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

২০২৩ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকাভুক্ত করে। সে সময় তাকে সাহেল অঞ্চলে সক্রিয় আইএসআইএসের একজন শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, তিনি আইএসআইএসের ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর সদস্য ছিলেন। এই সংস্থাটি বিশ্বজুড়ে গোষ্ঠীটির কার্যক্রম পরিচালনা, নির্দেশনা ও অর্থায়নের কাজ করে।

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট নামক একটি অলাভজনক আন্তর্জাতিক নীতি সংস্থার মতে, আল-মিনুকি সাহেল অঞ্চলে অবস্থান করতেন এবং আইসিসের জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস অফিসের লেক চাদ বিভাগের কর্মকর্তাদের নেতৃত্ব দিতেন।

২০১৮ সালে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) নেতা মাম্মান নুরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকে আল-মিনুকি আইএসআইএস-এর মধ্যে একজন আঞ্চলিক কমান্ডারের পদে ছিলেন বলে জানা গেছে। তিনি নুরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং আইএসডব্লিউএপির একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হিসেবে তাকে কট্টরপন্থি জঙ্গি হিসেবে বর্ণনা করা হতো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।