সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্বরত চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, অভিযুক্ত চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৫ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১:৪৫ ঘটিকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি (অ্যাটর্নি জেনারেল) কর্মরত থাকা অবস্থায় অভিযুক্তরা সেখানে উপস্থিত হন।
এ সময় তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এমনকি তারা সেখানে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও হুমকি দেন। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তদের এসব কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ অফিসের হেফাজতে সংরক্ষিত আছে।
তাদের এই আচরণকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হিসেবে অভিহিত করে নোটিশ প্রাপ্তির পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে সন্তোষজনক জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।





