আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। আজ ০১ ফেব্রুয়ারী ২০২৪ (বৃহস্পতিবার) থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হচ্ছে দীর্ঘ এক মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৪। ২০২৪ সাল লিপ ইয়ার বা অধিবর্ষ। তাই এবারের ফেব্রুয়ারী মাস ২৯ দিনে।
আজ বিকেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বইমেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্বে আছেন বাংলা একাডেমি। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গত মঙ্গলবার সকালে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক (প্রশাসন) ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম মুজাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) হাসান কবির ও বইমেলার স্পন্সর প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর নওবদ আলী।





