কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুটি ইনজেকশনের সুঁই এনেছিলেন এক ব্যক্তি। পরে প্রেমিকার সঙ্গে তর্কের জেরে সেই সুঁই দিয়ে জখম করা হয় তাঁর চোখ।
পুলিশ জানিয়েছে, অন্য মেয়ের দিকে তাকানোয় ওই ব্যক্তির প্রেমিকা সান্দ্রা জিমেনেজ তাঁর চোখে দুটি সুঁই দিয়ে আঘাত করেন। স্থানীয় সময় শনিবার এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে।
পুলিশ জানায়, ইনজেকশন দিয়ে আঘাতের পর ভুক্তভোগী ব্যক্তির চোখের পাতা ছিদ্র হয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ব্যক্তি জানান, তাঁর সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তাঁর ওপর সুঁই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে।
এদিকে বয়ফ্রেন্ডের চোখ জখমের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিমেনেজ। তাঁর দাবি, ভুক্তভোগী ব্যক্তির নিজের কারণেই চোখে আঘাত পেয়েছেন।





