Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনলাইনে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুনর্নির্ধারণ

admin • 17 Jun 2026, 02:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনলাইনে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুনর্নির্ধারণ

অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানির হার পুনর্নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, সরকার পরিচালন বাজেটের আওতায় জুম প্ল্যাটফর্মে আয়োজিত সেমিনার বা কর্মশালার জন্য সম্মানির নতুন হার নির্ধারণ করেছে, যা জারির তারিখ থেকেই কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি হবে ৪ হাজার ৫০০ টাকা। সঞ্চালক পাবেন ৪ হাজার টাকা। একই হারে, অর্থাৎ জনপ্রতি ৪ হাজার টাকা করে সর্বোচ্চ তিনজনকে আলোচক হিসেবে সম্মানি দেওয়া যাবে।

এ ছাড়া, র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য সম্মানির হার জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ দুইজনকে এই সম্মানি দেওয়া যাবে। অন্যদিকে, সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ হাজার টাকা করে সম্মানি প্রদানের বিধান রাখা হয়েছে।

পরিপত্রটিতে আরও উল্লেখ করা হয়, এই নতুন নির্দেশনার ফলে অনলাইনে আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সংক্রান্ত অর্থ বিভাগের ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা ২২৯ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে। ভবিষ্যতে সকল অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানি এই নতুন পরিপত্র অনুযায়ী দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।