দেশের বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং উৎপাদন ব্যয় কমাতে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অদক্ষ কেন্দ্রগুলো বন্ধের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সেগুলোর আধুনিকায়ন এবং স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত নীতি এবং দুর্নীতি ও অনিয়মের কারণে এ খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট ও অর্থ পাচার হয়েছে।
বাজেট বক্তৃতায় জানানো হয়, বিদ্যুৎ খাতে বার্ষিক ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সরকার বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে।
সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের আধুনিকায়ন এবং স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।





