গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বেশ কিছু অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে। গ্রাহকের হয়রানি লাঘবের উদ্দেশ্যে এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিলসংক্রান্ত যে কোনো সমস্যায় গ্রাহকদের সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির সঙ্গে অথবা আগে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর হটলাইন নম্বর:
-বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯ -বিপিডিবি (BPDB) কল সেন্টার: ১৬২০০ -পবিবো (REB) কল সেন্টার: ১৬৮৯৯ -ডিপিডিসি (DPDC) কল সেন্টার: ১৬১১৬ -ডেসকো (DESCO) কল সেন্টার: ১৬১২০ -নেসকো (NESCO) কল সেন্টার: ১৬৬০৩ -ওজোপাডিকো (WZPDCO) কল সেন্টার: ১৬১১৭





