Friday, 23 October 2026
শিরোনাম
বিনোদন

১৩ বছর পর ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম

• • পঠিত 30 বার
শেয়ার করুন:
১৩ বছর পর ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম

‘এটা আমাদেরই গল্প’র পর ‘ফিরে আসার গল্প’ নিয়ে ফিরে দারুণ সাড়া পাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটকটির প্রথম পর্ব ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এসেছে আজ (৭ অক্টোবর) দুপুরে। ৩ ঘণ্টা ৩৭ মিনিটেই এটি পেয়ে গেছে ১ মিলিয়ন ভিউ।

 

 এবারও পারিবারিক গল্প নিয়েই দর্শকের মন জয় করছেন নির্মাতা ও রচয়িতা রাজ। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।

 

‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে নতুন ধারাবাহিকটিতে। তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

 

একঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরে আসার গল্প’। দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে অভিনয় করেছেন। রাজের পরিচালনায় অনেক বছর পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক এটি। এ ছাড়া আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।

 

‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।

 

নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির থাকছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

 

টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ‘ফিরে আসার গল্প’-এর টাইটেল গানটিতে কন্ঠ দিয়েছেন আরফিন রুমি। তারই সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

 

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।