দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।
চিঠিতে আরও জানানো হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে এ মনোনয়ন দেওয়া যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনোনয়ন প্রস্তাব সংশ্লিষ্ট কাগজপত্রসহ পাঠাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে প্রস্তাব তৈরি করতে হবে। প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় পাঠাতে হবে।
মনোনয়ন প্রস্তাবের হার্ডকপি ও সফটকপি নিকষ (Nikosh) ফন্টে পাঠাতে বলা হয়েছে। সফটকপি ই-মেইলে (sas_s4@moedu.gov.bd) অথবা ডি-নথির মাধ্যমে পাঠানো যাবে।
স্বাধীনতা পুরস্কারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।





