Thursday, 3 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

সহজেই সিলিং ফ্যান পরিষ্কার করবেন যেভাবে

admin • 11 Feb 2024, 10:47 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সহজেই সিলিং ফ্যান পরিষ্কার করবেন যেভাবে

শীত প্রায় শেষ হয়ে এসেছে। পুরো শীতের মৌসুম বেশ ভালোই কেটেছে। তবে শীত যখন কমতে শুরু করেছে ঠিক তখনই আমাদের মাঝেমধ্যে সিলিং ফ্যান ব্যবহারের প্রয়োজন পড়ে। তবে অনেকদিন ফ্যান চালু না থাকার কারণে অনেক ধুলো-ময়লা জমা হয়ে থাকে। তাই আমাদের উচিত ফ্যানটিকে পরিষ্কার করে নেয়া। ফ্যান পরিষ্কার করাটাও অনেকের কাছে ঝামেলার কাজ মনে হয়। তাই কিছু পদ্ধতি অনুসরণ করলেই খুব সহজে পরিষ্কার করা যাবে ফ্যানটি। চলুন তাহলে জেনে নেয়া যাক সেসব পদ্ধতি-

১. শুরুতেই ফ্যানের সুইচ ভালোভাবে বন্ধ করা আছে কি না সেটি দেখে নিন। তারপর ধুলা থেকে ঘরের বাকি আসবাবগুলো রক্ষা করার জন্য পুরোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। ঘরে কার্পেট থাকলে ধুলার হাত থেকে বাঁচাতে মেঝে থেকে সেটি সরিয়ে রাখুন। তবে চাইলে এসবের ওপর কাগজ বিছিয়েও নিতে পারেন।

২. ফ্যান পরিষ্কার করার সময় ঘর দূষিত ধুলাবালুতে ভরে যায়। তাই দরজা ও জানালা খুলে দিয়ে বাতাস চলাচলের রাস্তা সহজ করে দেওয়া দরকার, তা না হলে ধুলায় শরীর একাকার হবে।

 

৩. ফ্যান পরিষ্কারের সময় মই ঠিকমতো বসানো খুব জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় টাইলস বা পিচ্ছিল মেঝেতে মই (ল্যাডার) পিছলে যেতে পারে। তাই মইয়ের নিচে পুরোনো কাপড় বা পাপোশ দেওয়া যেতে পারে, এতে মই সরে যাবে না।

 

৪. শুরুতেই ফ্যান পরিষ্কার করতে ভেজা কাপড় দিয়ে ঘষেমেজে ময়লা তোলার চেষ্টা করবেন না। প্রথমে একটি সুতি কাপড় দিয়ে ফ্যানের পাখাগুলো ভেতর থেকে বাহিরমুখী করে মুছতে হবে। এ ক্ষেত্রে পুরোনো বালিশের কভার একটি উপকারী জিনিস। বালিশের কভার ফ্যানের ব্লেডে ভরে আলতো করে টেনে আনলে লেগে থাকা ধুলা দ্রুত পরিষ্কার হয়। আর ব্লেডের ধুলা নিচে না পড়ে কভারের ভেতরে পড়ে। ফলে চারপাশ ময়লা হয় না।

৫. শুকনা কাপড় দিয়ে মুছে নেয়ার পর বাড়িতে থাকা যেকোনো লিকুইড ক্লিনার বা ডিটারজেন্ট পানিতে মিশিয়ে নিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন। অতিরিক্ত কেমিক্যাল জাতীয় উপকরণ পরিষ্কারের জন্য ব্যবহার করবেন না। এতে ফ্যানের রং বা নকশা নষ্ট হয়ে যেতে পারে। চাইলে ভিনেগার আর পানি মিশিয়ে ঘরোয়া পরিষ্কারক তৈরি করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, কাপড় যেন হালকা ভেজা থাকে। বেশি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে ফ্যানের ব্লেডে ছোপ ছোপ দাগ থেকে যেতে পারে। তা ছাড়া ফ্যানের মোটরে পানি ঢুকে সেটা নষ্ট হয়ে যেতে পারে।

৬. হালকা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা শেষে আবার একটি পরিষ্কার শুকনা সুতি কাপড় দিয়ে ফ্যান মুছে নিন। এটা খুব জরুরি। কোনোভাবেই ফ্যানের পাখা বা মোটর ভেজা রাখা যাবে না। সাধারণত দু-তিন মাস পরপর ভালোভাবে সিলিং ফ্যান পরিষ্কার করা উচিত। ফ্যানের পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে বাড়ির সদস্যদের সুস্থতাও অনেকটা নির্ভর করে। কেননা, সিলিং ফ্যানের পাখাগুলোয় অনেক বেশি ক্ষুদ্র ধুলো-ময়লা জমে থাকে। এসব ধুলা বাড়ির বাতাসকে দূষিত করে। অ্যাজমা, অ্যালার্জি ও ফুসফুসজনিত রোগ তৈরি করে। তা ছাড়া ফ্যানে অতিরিক্ত ধুলা জমে থাকলে এর কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। এমনকি ফ্যানের মোটর গরম হয়ে আগুন ধরে দুর্ঘটনা ঘটতে পারে।

 

৭. সিলিং ফ্যানের পাখা অনেকটা ধারালো হয়, তাই সাইডের অংশ পরিষ্কারের সময় বিশেষ সাবধানতা মেনে চলুন। অনেকে আবার ব্লেড বাঁকিয়ে পরিষ্কার করেন, সেটা করা উচিত নয়। ব্লেড বেঁকে গেলে পরবর্তীতে ফ্যানের বাতাস ভালো পাওয়া যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।