Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

সংসদকে ছোট করতে হিরো আলমকে প্রার্থী করেছিলো বিএনপি: কাদের

admin • 04 Feb 2023, 09:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংসদকে ছোট করতে হিরো আলমকে প্রার্থী করেছিলো বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদ্য সমাপ্ত বগুড়ার দুই আসনে উপ-নির্বাচনে হেরে যাওয়া আলোচিত প্রার্থী হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে।

তিনি বলেন, সংসদকে ছোট করতেই হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। শনিবার (৪ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফখরুল সাহেব বললেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এতো দরদ উঠলো তার। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। তাকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, পাকিস্তান আমল তো ভালো, এখন দেখেন পাকিস্তানের কী অবস্থা? বাংলাদেশের ছয় মাস আমদানি করার রিজার্ভ আছে কিন্তু পাকিস্তানের তিন সপ্তাহের রিজার্ভও নেই। ক্ষুধায় সমস্ত পাকিস্তান কাঁপছে। আর সেই পাকিস্তান আপনার ভালো লাগে। আপনারা যদি ক্ষমতায় যান বাংলাদেশ আজকের পাকিস্তান হবে।’

নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।