Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় রাজনীতি

লোকসানের অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে-সিপিডি

admin • 10 Aug 2022, 03:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
লোকসানের অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে-সিপিডি
গত ৭ বছরে জ্বালানি খাতে প্রায় ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। এর মধ্যে সরকারকে দিয়েছে ১০ হাজার কোটি টাকা। বাকি ৩৬ হাজার কোটি টাকা কোথায়, এমন প্রশ্ন সিপিডির। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, লোকসানের অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বুধবার সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি। এসময় বিপিসিতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিশ্লেষকরা। অর্থমন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। সংস্থাটির সবচেয়ে বেশি মুনাফা ছিল ২০২০-২১ অর্থবছর, সাড়ে ৯ হাজার কোটি টাকা। মুনাফা ও রাজস্বের পরও জ্বালানি তেলের দাম বাড়ানো অযৌক্তিক বলে মনে করে সিপিডি। করোনার পর অর্থনীতি চাপের মধ্যে রয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো উস্কে দিবে। এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি অবশ্যই এড়ানো যেত বলে দাবি করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ভর্তুকি ব্যবস্থাপনার মানে ভোক্তার ওপর দায় চাপানো নয়, অপচয় কমানো। বিপিসির মুনাফার টাকা গেল কোথায়। তাদের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। এটা আইএমএফের জন্য হলেও ভোক্তার ওপর না চাপিয়ে আরও কিছুদিন চালিয়ে নেওয়ার আর্থিক সক্ষমতা বিপিসির ছিল।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু সুপারিশ করেছে সিপিডি। এতে বলা হয়, মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে এটি কমিয়ে আনা। খোলাবাজারে কম দামে সরকারের পণ্য বিক্রি বাড়ানো। রেশন কার্ডের সংখ্যা আগের চেয়ে বাড়ানো। শুধু দরিদ্র নয়, নিম্ন আয়ের মানুষদেরও দিতে হবে। আর এটা যাঁর প্রয়োজন, তাঁকে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা। মধ্যমেয়াদি ব্যবস্থা হিসেবে প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে দেশে তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের মাসে গণপরিবহন ব্যয় বাড়বে ২ হাজার ১০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এই সংকট সময়ে জ্বালানি তেলের ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ তাদের।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।