Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

মাদক বিক্রেতার যাবজ্জীবন

admin • 29 May 2023, 08:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাদক বিক্রেতার যাবজ্জীবন

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় কাওছার মোল্লা (৩২) নামে এক মাদক বিক্রেতার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (২৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি কাওছার মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

 

এদিন রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এসব তথ্য জানিয়েছেন।

 

সাজাপ্রাপ্ত কাওছার মোল্লা নরসিংদীর মাধবদী উপজেলার ভৈয়ম গ্রামের সুলতান মোল্লা ওরফে মফিজ উদ্দিন মোল্লার ছেলে।

 

মামলার এজাহারে বলা হয়, ভাষানটেক থানাধীন ৩ নং ধামালকোট বাজার সংলগ্ন এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ২০১৮ সালের ২৬ জানুয়ারি পুলিশ অভিযান চালায়। সেখান থেকে কাওছার মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য এক লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম পরদিন মামলাটি দায়ের করেন।

 

এরপর পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন কাওছার মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৯ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।