বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোকের মিরপুর-১, পল্লবী, কচুক্ষেত এবং আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার শাখায় একযোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ সময় বিনামূল্যে ইসিজি, রক্তে গ্লুকোজ পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং চিকিৎসকের পরামর্শ দেওয়ার ব্যবস্থা ছিল। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।
ক্যাম্পে আসা সেবাগ্রহীতারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও সেবার জন্য সন্তোষ প্রকাশ করেন। কয়েকজন সেবাগ্রহীতা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ তাদের জন্য সহায়ক হয়েছে। একই স্থানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি খরচ কম হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি।





