টঙ্গীতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বাসে আগুন দেয়ার চেষ্টায় সাইফুল ইসলাম নয়ন (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নয়ন টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২জন নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখি লেনে পেট্রোল বোমা দিয়ে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে।
এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রদল নেতা নয়নকে আটক করা হয়। ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রদল নেতাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





