Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

admin • 13 Sep 2022, 05:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

বাগেরহাটের কচুয়ায় প্রেমিকাকে হত্যার অপরাধে প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন রায় আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। এসময় আসামিকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

 

দণ্ডাদেশ প্রাপ্ত প্রেমিক আমজাদ খান কচুয়া উপজেলার খলিশাখালী উত্তরপাড়া গ্রামের মৃত দলিল উদ্দিন ওরফে ধলু খানের ছেলে। নিহত প্রেমিকা আয়না বেগম (১৭) কচুয়া উপজেলার গাবরখালি এলাকার হোসেন আলীর মেয়ে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাবলু নামের এক ব্যক্তির সুপারি বাগান থেকে অজ্ঞাত নামা কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন কচুয়া থানায় এ বিষয়ে একটি এজাহার দায়ের করেন কচুয়া থানার এএসআই মিয়ারব হোসেন। অজ্ঞাতনামা এই নারীর পরিচয় ও হত্যাকারীকে শনাক্তে কাজ শুরু করে পুলিশ। ওই বছরের শেষের দিকে পুলিশ তদন্তের মাধ্যমে আমজাদ খানকে আটক করে। ২০১৩ সালের ০৭ ফেব্রুয়ারি পুলিশ আদালতে আমজাদের বিরুদ্ধে চার্জশিট দেন।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে আমজাদ খান জানায়, অজ্ঞাতনামা ওই নারীর নাম আয়না বেগম। মুঠোফোনে আয়নার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে বিয়ে করার শর্তে আমজাদ খান আয়নার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ওই নারী আমজাদকে বিয়ের জন্য চাপ দেয়। বউ বাচ্চা থাকায় আমজাদ আয়নাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি জানাজানি হলে নিজের ক্ষতি হবে ভেবে আমজাদ ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বাগানে ফেলে দেয়।

 

১২ জন সাক্ষীর সাক্ষ্য ও পুলিশের চার্জশিটের ভিত্তিতে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত আমজাদকে মৃত্যু দণ্ডাদেশ দেন।

 

এই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌসুলি সীতা রানী দেবনাথ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন বিধান চন্দ্র রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।