Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

admin • 07 Feb 2026, 09:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী-এ প্রশ্নে জনমত জানতে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ আসনে জরিপ চালিয়েছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সোচ্চার’। জরিপের ফলাফলে দেখা গেছে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই জরিপে ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৫ ও ঢাকা-১৭ আসনকে অন্তর্ভুক্ত করা হয়। উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব এসব আসন থেকে নির্বাচন করায় এলাকাগুলো বিশেষ গুরুত্ব পায়। মোট ২ হাজার ২৪১ জন ভোটারের কাছ থেকে বয়স, লিঙ্গ, শিক্ষা, আয় ও ভোটদানের আগ্রহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়।

ঢাকা-১৭ আসনে, যেখানে তারেক রহমান নিজেই প্রার্থী, সেখানে বিএনপি জোটকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩৫ শতাংশ ভোটার, আর জামায়াত জোটকে সমর্থন দিয়েছেন ৩২ শতাংশ। একই আসনে ৪৬.৪ শতাংশ ভোটার মনে করেন বিএনপি জোটই বিজয়ী হবে, যেখানে জামায়াত জোটের জয়ের সম্ভাবনা দেখেছেন ২৭.৪ শতাংশ।

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হওয়ায় এখানে জামায়াত জোট তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। জরিপে ৩৯.৫ শতাংশ ভোটার জামায়াত জোটকে এবং ৩০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই আসনে ৪৯.২ শতাংশ ভোটার মনে করেন জামায়াত জোট জয়লাভ করবে।

ঢাকা-১৩ আসনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এখানে ৩৬.৮ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩৪ শতাংশ ভোটার জামায়াত জোটকে পছন্দ করেছেন। জয়ের সম্ভাবনার প্রশ্নে ৪২.৬ শতাংশ ভোটার বিএনপি জোটের পক্ষে মত দিয়েছেন।

ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন বলে জরিপে উঠে এসেছে। এখানে জামায়াত জোটের পক্ষে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৪১.৪ শতাংশ ভোটার, আর বিএনপি জোটের পক্ষে মত দিয়েছেন ৩৭ শতাংশ। জয়ের সম্ভাবনায় জামায়াত জোটকে এগিয়ে দেখছেন ৪৫.৭ শতাংশ ভোটার।

প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৪২.১ শতাংশ মনে করেন তারেক রহমানই হবেন আগামী প্রধানমন্ত্রী। জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন ৩৪.৯ শতাংশ ভোটার। এছাড়া ১৬.২ শতাংশ ভোটার এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও দেখা যায়, পুরুষ ও নারী—উভয় ভোটারদের মধ্যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন। পুরুষ ভোটারদের মধ্যে তারেক রহমানকে বেছে নিয়েছেন ৪২.৪ শতাংশ এবং নারী ভোটারদের মধ্যে এই হার ৪১.৭ শতাংশ।

সামগ্রিকভাবে জরিপের ফলাফল বলছে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা জোরদার হলেও চারটি গুরুত্বপূর্ণ আসনের ভোটারদের বিবেচনায় সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।