Wednesday, 30 September 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

জামাতার ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে আমাকে হেয় করা হচ্ছে :জামায়াত এমপির বিবৃতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামাতার ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে আমাকে হেয় করা হচ্ছে :জামায়াত এমপির বিবৃতি

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ ঘটনায় মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল গফুর। ওই বিবৃতিতে হামলার ঘটনায় তাকে ও তার দল জামায়াতে ইসলামীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 

বিবৃতিতে আব্দুল গফুর জানিয়েছেন, সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে জামাতা মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

 

‘মিজানুর রহমানকে সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে’ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছেন বলে জানিয়েছেন আব্দুল গফুর। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। ঢাকার মাটিকাটায় আমার নিজস্ব কোনো বাসা নেই। আমি সরকারিভাবে বরাদ্দ করা ন্যাম ভবনে অবস্থান করি। প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।’

 

মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়কে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় হিসেবে উল্লেখ করে আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই।’

 

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং একই সঙ্গে আমাকে এ ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা দুঃখজনক। এ ধরনের প্রচার বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি প্রকৃত ঘটনাকে আড়াল করার সুযোগ তৈরি করে।’

 

সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে আব্দুল গফুর বলেন, ‘কোনো পক্ষের দেওয়া একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করা উচিত। যেসব প্রতিবেদনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে সেসব প্রতিবেদন সংশোধনের দাবি জানাচ্ছি।’

 

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

 

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় তাকে গ্রেপ্তারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। তবে মিজানুর রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

 

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।