Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

জনতার মুখোমুখি মাশরাফী

admin • 03 Mar 2023, 11:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জনতার মুখোমুখি মাশরাফী

বিপিএল শেষ করে আবারও রাজনীতির মাঠে সরব হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ জবাবদিহিতা মূলক কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মুখোমুখি হন তিনি।

 

বৃহস্পতিবার (২ মার্চ) লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে মাতে এলাকাবাসী এবং তার ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।

 

অনুষ্ঠানে মাশরাফী দাবি করেন, চাইলেই যা খুশি তাই করা যায় না, একজন এমপিও আইনের বাইরে নয়। আমরা যাই করি না কেন, সেটা আইনানুগভাবেই করতে হবে।

   

উপস্থিত জনতার নানান প্রশ্ন, প্রস্তাবনা, দাবি দাওয়ার উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আগতরা তাদের এলাকার নানান সমস্যা তুলে ধরেন মাশরাফীর কাছে। এ সময় রাস্তাঘাট ব্রিজ, খেলার মাঠ, গ্রামীণ অবকাঠামো, মাদক, জনপ্রতিনিধিদের দুর্নীতিসহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের নানান দাবি উঠে আসে।

 

মাশরাফী সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডায়েরিতে লিপিবদ্ধ করেন। সবশেষে জনতার মাঝ থেকে উঠে আসা প্রতিটি সমস্যা সম্পর্কে কথা বলেন মাশরাফী, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।