বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান উন্নয়ন, সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির ওপর গুরুত্বারোপ করে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন দিশা সংস্থার মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের জেলা কমিটির সভাপতি শামসুল ওয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সভাপতি ডা. মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, দেশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনার পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সংগঠনটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোগীদের স্বার্থ রক্ষা এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিপিএইচসিডিএর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোসাদ্দেক আলী মজুমদার শাহিন, সাংগঠনিক সম্পাদক সামছুল রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা, বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সদস্য ডাঃ মোস্তাফা কামাল, মোঃ কামরুজ্জামান রাসেল, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শহিদুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল হোসেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম সম্পাদক ডা. ফজলুল হক প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার যুগ্ম সম্পাদক হারুন রশীদ হিরো, বিপিএইচসিডিএর কুমারখালী-খোকসা শাখার সভাপতি সুজয় চাকী,সাধারন সম্পাদক সুরুজ বিশ্বাস, আমিন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শাহ নেওয়াজ আনসারী মনজু, শাপলা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বসির আল হেলাল, লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামীম আহমেদ এবং মা ক্লিনিকের পরিচালক আসাদুর রহমান বাবুসহ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান সমস্যা, সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বেসরকারি চিকিৎসাসেবার মান নিয়ে বিভিন্ন সময়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে তদারকি কমিটি গঠনের পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে এ উদ্যোগ বাস্তবায়ন এবং এর মাধ্যমে রোগীরা কতটা উপকৃত হন, তা নির্ভর করবে কার্যকর তদারকি ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতার ওপর।





