‘শিক্ষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
রোববার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিরাজুম মনিরা মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি প্রকৌশলী সাধক হারুন ,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জয়নাল আবেদিন, আমিরুল ইসলাম ও আব্দুল হালিম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু নঈম মিয়া ও আব্দুল জলিল, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বৈষম্য দূর করতে সব স্তরের শিক্ষা জাতীয়করণ, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত এবং পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান তারা।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাহমুদ শরীফ। পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু সুব্রত কুমার। আলোচনা সভা শেষে ৪ অক্টোবর দিবাগত রাতে মৃত্যুবরণকারী কুমারখালীর দুই শিক্ষক সামসুজ্জামান ঝন্টু ও আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।




