Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
ক্রিকেট খেলাধুলা

ইব্রাহিমের ব্যাটিং, ফারুকির বোলিংয়ে শ্রীলঙ্কার মাটিতে আফগানদের জয়

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইব্রাহিমের ব্যাটিং, ফারুকির বোলিংয়ে শ্রীলঙ্কার মাটিতে আফগানদের জয়

পাল্লেকেলেতে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬০ রানে জিতেছে আফগানিস্তান। ২৯৪ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ২৩৪ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা।

ব্যাট হাতে জ্বলে উঠেছেন আফগানিস্তানের প্রথম চার ব্যাটসম্যান। এদের মধ্যে ইব্রাহিম জাদরান উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি। পরে বল হাতে জ্বলে উঠলেন ফজলহক ফারুকি। শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারাতে তাই বেগ পেতে হয়নি আফগানদের।

১২০ বলে ১১ চারে ১০৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ইব্রাহিম। রহমানউল্লাহ গুরবাজ ৫৫ বলে ৫৩ ও রহমত শাহ ৬৪ বলে করেন ৫২ রান। জবাবে ওপেনার পাথুম নিসানকার ৮৩ বলে ৮৫ ও সাত নম্বরে নেমে ভানিন্দু হাসারাঙ্গার ঝড়ো ইনিংসে কিছুটা আশা জাগায় শ্রীলঙ্কা। কিন্তু অন্যদের ব্যর্থতায় লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না লঙ্কানরা।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া হাসারাঙ্গা ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় খেলেন ৬৬ রানের ইনিংস। আফগান পেসার ফারুকি ৪৯ রানে নেন ৪ উইকেট। আরেক পেসার গুলবাদিন নাইবের প্রাপ্তি ৩৪ রানে ৩টি।

ওয়ানডেতে দুই দলের পাঁচবারের দেখায় আফগানিস্তানের দ্বিতীয় জয় এটি। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে সবশেষ চারবারের দেখায় দুটিই জিতল আফগানরা। গত অগাস্টে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তাদের জয় ছিল ৮ উইকেটে।

আফগানিস্তান ব্যাটিংয়ে নামে টস জিতে। পঞ্চম ওভারে স্লিপে রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ ফেলেন ধনঞ্জয়া ডি সিলভা।সুযোগটা দারুণভাবে কাজে লাগান গুরবাজ। ৫০ বলে তুলে নেন ফিফটি। এরপরই তাকে এলবিডব্লিউ করে ৮৮ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হাসারাঙ্গা।

তিনে নামা রহমতের সঙ্গে ১১৮ রানের আরেকটি বড় জুটিতে দলকে এগিয়ে নেন ইব্রাহিম। এই ওপেনার ফিফটি তুলে নেন ৬২ বলে। রহমত ৬১ বলে ফিফটির পথে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেন তিন হাজার রানের মাইলফলক।

গুরবাজের মতো রহমতও ফেরেন ফিফটির পরপরই। ইব্রাহিম দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ১১৬ বলে। তাকে থামান মাহিশ থিকশানা। চারে নেমে ২৫ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলেন নাজিবউল্লাহ জাদরান। যদিও শেষ পাঁচ ওভারে ৩১ রান তুলতে ৫ উইকেট হারায় আফগানরা। রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। নিসানকা ছাড়া প্রথম ছয় জনের আর কেউ ১৬ রানের বেশি করতে পারেননি।

তাই বলতে গেলে একাই দলকে টানেন নিসানকা। তার ৮৫ রানের দুর্দান্ত ইনিংস থামান ফারুকি। এরপর ঝড় তোলেন হাসারাঙ্গা। মোহাম্মদ নবির এক ওভারে মারেন ৪টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে অবশ্য উইকেট পড়তে থাকে যথারীতি নিয়মিত। হাসারাঙ্গাকে বোল্ড করে সবকিছুর ইতি টেনে দেন ফারুকি। ১২ ওভার বাকি থাকতেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।